;

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পাড়ি দিতে গিয়ে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর এলাকা থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই যাত্রা থেমে যায়।

জানা গেছে, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সরাসরি অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে জাহাজটি। রাত ১১টা ৫০ মিনিটের দিকে এটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।

কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, অনুমতি চাওয়া হলেও কোনো সাড়া না পাওয়ায় তারা ধারণা করেছিলেন যে প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০টির মতো বাণিজ্যিক জাহাজ তখন হরমুজের উদ্দেশে যাত্রা শুরু করে এবং ‘বাংলার জয়যাত্রা’ও তাদের অনুসরণ করে এগিয়ে যায়।

তিনি আরও জানান, নির্ধারিত গতিতে চললে ভোর ৩টার মধ্যে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করতে পারত। কিন্তু হঠাৎ করেই ইরানি নৌবাহিনীর নির্দেশে সব জাহাজের গতি থামিয়ে দেওয়া হয় এবং আইআরজিসির অনুমতি ছাড়া অগ্রসর না হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

উল্লেখ্য, ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন ধরে আটকে ছিল ‘বাংলার জয়যাত্রা’। ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। পরে শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল।

নতুন করে এই বাধা সৃষ্টি হওয়ায় জাহাজটির যাত্রা অনিশ্চয়তায় পড়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।